বাংলায় শিল্পে অস্ট্রেলিয়ার বিনিয়োগের সম্ভাবনা, শমীক ভট্টাচার্যের বৈঠক ঘিরে জল্পনা
বাংলায় শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলতে এবার অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের উদ্যোগ। বুধবার বিধাননগরে বিজেপির রাজ্য দফতরে বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করলেন ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিন। বৈঠকে পশ্চিমবঙ্গে অস্ট্রেলিয়ার বিনিয়োগের সম্ভাবনা এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।বৈঠক শেষে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জানান, পশ্চিমবঙ্গে বিনিয়োগের নতুন সম্ভাবনা রয়েছে। সেই বার্তা অস্ট্রেলিয়ার শিল্পপতি ও ব্যবসায়ী মহলের কাছে পৌঁছে দেবেন তিনি। রাজ্যের নতুন রাজনৈতিক নেতৃত্ব এবং সরকারের সহযোগিতায় বাণিজ্যিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে বলেও আশাপ্রকাশ করেন গ্রিন।আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে খনি ও খনিজ সম্পদ ক্ষেত্র। আগামী ডিসেম্বরের ইন্ডিয়ান মাইনিং অ্যান্ড মেশিনারি প্রদর্শনীতে অস্ট্রেলিয়ার ৫০টিরও বেশি সংস্থার প্রতিনিধিদল অংশ নেবে বলে জানিয়েছেন হাইকমিশনার। এই সুযোগে পশ্চিমবঙ্গের সঙ্গে অস্ট্রেলিয়ার খনি শিল্পের সংস্থাগুলির যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।এছাড়াও পারমাণবিক শক্তি উৎপাদন এবং ইউরেনিয়াম সরবরাহের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গে ভবিষ্যতে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠলে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন গ্রিন। শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, গুরুত্বপূর্ণ খনিজ এবং আধুনিক প্রযুক্তির ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতার সম্ভাবনা রয়েছে।বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার। তাঁর মতে, ভারত-অস্ট্রেলিয়া বাণিজ্যিক সম্পর্কের অগ্রগতিতে পশ্চিমবঙ্গের আরও বেশি অংশগ্রহণ প্রয়োজন। শমীক ভট্টাচার্যের সঙ্গে এই বৈঠক সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে বিনিয়োগের বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দিষ্ট প্রকল্পের ঘোষণা হয়নি।

